যশোরের চৌগাছা উপজেলায় সর্দিজ্বর ও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এক দিনেই সর্দিজ্বর নিয়ে ৫১ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১০ জন চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
চৌগাছা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা: আল-ইমরান জানান, গত সোমবার হাসপাতালে ভর্তি ৬১ জন রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন তিনি। এদের মধ্যে ৫১ জনের বেশি জ্বরের রোগী রয়েছে, যাদের অনেকেরই শ্বাসকষ্টও আছে। এদের বেশির ভাগই শিশু।
উপজেলা শহরে বেসরকারি ক্লিনিকের কয়েকজন চিকিৎসকের কাছে জানতে চাইলে তারা জানান, তাদের কাছেও জ্বর-ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাই বেশি আসছে।
চৌগাছা সরকারি হাসপাতালের সিনিয়র নার্স সুচিত্রা দেবনাথ জানান, ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বর্তমানে ৬১ জন রোগী ভর্তি রয়েছেন। তিনি আরো জানান, গত ৮ দিনে মহিলা ওয়ার্ডে ১৮৫ জন, পুরুষ ওয়ার্ডে ১১৯ জন ও শিশু ওয়ার্ডে ১১০ জন জ্বর ও ডায়রিয়ার রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। এ ছাড়া ৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগীও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সোমবার উপজেলার সৈয়দপুর গ্রামের দু’জন ভর্তি রয়েছেন। এ দিকে শুক্রবার ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবিত্রী মজুমদার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত সাবিত্রী উপজেলার সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামের ভোলানাথ মজুমদারের মেয়ে।
উপজেলা স্বাস্থ্য ও রিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: লুৎফুন নাহার লাকি বলেন, মানুষ এখন মৌসুমি জ্বরে আক্রান্ত হচ্ছে। গেল ক’দিনে সাতজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে একজকে যশোর রেফার করলে সেখানে তার মৃত্যু হয়। তবে ভয়ের কোনো কারণ নেই। হাসপাতাল থেকে রোগীদের প্রয়োজনীয় ওষুধসহ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আর উপজেলাকে ডেঙ্গুমুক্ত রাখতে মশা তাড়াতে পৌর মেয়রকে জানানো হয়েছে।



