দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক ও জনপদের উচ্ছেদ অভিযানে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের মার্কেটসহ অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (১৯ জুলাই) বেলা ১১টা থেকে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল লতিফ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুই পাশে পৌর শহরের ঢাকা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও জনপদের জায়গার ওপর নির্মিত ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের পাকা মার্কেটসহ ঢাকা মোড় ও রেলগেটের ছোট-বড় প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেড হিসেবে দায়িত্ব পালন করেন ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপদের দিনাজপুর নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আজিজ, উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার, সহকারী প্রকৌশলী অনাব সরকার, উপ-সহকারী প্রকৌশলী জান্নাতুল ফেদৌসসহ সড়ক ও জনপদের পদস্থ কর্মকর্তা-কর্মচারী এবং থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন।
সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল লতিফ খান বলেন, সড়ক ও জনপদের জায়গায় নির্মিত সকল স্থাপনা অবৈধ, তাই সড়ক ও জনপদ ওই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করছে।
তিনি বলেন, এই অভিযান ধারাবাহিকভাবে চলবে ও সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।



