জার্মানে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী কৃতি খেলোয়াড় রবিউল ইসলাম রবিনের স্বর্ণ জয়ে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৯ জুলাই) উপজেলা হলরুমে রবিনের হাতে সম্মাননা স্মারক ও ল্যাপটপ তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ আবুল কালাম আজাদ।
প্রতিবন্ধী কৃতি খেলোয়াড় রবিন উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মোহাম্মাদ আব্দুর রহিমের ছেলে। তিনি দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষাবিদ্যালয়ের মেধাবী ছাত্র।
দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষাবিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মোহাম্মাদ সাইফুল ইসলাম জানান, জার্মানের বার্লিনে স্পেশ্যাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমসে ১০০ মিটার দৌড় ও লং ঝাম্পে চ্যাম্পিয়ন হয়েছেন দেওয়ানগঞ্জের রবিউল ইসলাম রবিন। ওই প্রতিযোগিতা দুটিতে তিনি দু’টি স্বর্ণপদক লাভ করেন। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও একটি ল্যাপটপ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন, মেয়র শেখ মোহাম্মাদ নুরুন্নবী অপু, এসিল্যান্ড মাহবুব হাসান, অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল চন্দ্রধর, উপজেলা আওয়ামী সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান আকন্দ, জেলাপরিষদ সদস্য হারুন অর রশিদ প্রমুখ।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা। আর সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিকাশ কবির ইমরান।



