পটুয়াখালীর রাঙ্গাবালীতে মো. ইভান নামের এক মাদরাসা ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বরিশালের মুলাদী থানার ভাটামারা এলাকার হামিদুর রহমান এবং একই এলাকার মো. আজহার। পুলিশ জানায়, অপহৃত ছাত্র ইভান রাঙ্গাবালী উপজেলার কাউখালী হাফিজিয়া মাদরাসায় পড়তো।
তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার বংশাল এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করে গত মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত দুই অপহরণকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জানা যায়, পড়ালেখার চাপে পড়ে গত ১১ জুলাই মাদরাসা থেকে পালিয়ে লঞ্চে উঠে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল মাদরাসা ছাত্র ইভান (১৪)। লঞ্চের মধ্যে অপহরণকারীদের খপ্পরে পড়ে সে। লঞ্চটি ঢাকায় পৌঁছলে অপহরণকারীরা ইভানকে অপহরণ করে নিয়ে যায়। এরপর ইভানের মাকে ফোন দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। ইভানের মা টাকা না দিয়ে গত ১৫ জুলাই রাঙ্গাবালী থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেন। পরে পটুয়াখালী জেলা পুলিশ সুপার সাইদুল ইসলামের নির্দেশে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে রাঙ্গাবালী থানা পুলিশ।
রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার জানান, মুক্তিপণের টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। পরে ছেলেটির মা রাঙ্গাবালী থানায় এসে সাধারণ ডায়েরি করেন।



