জামালপুরে বন্যার পানির স্রোতে ধসে গেছে দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি সড়ক। এতে অসুবিধা দেখা দিয়েছে ১০-১৫ গ্রামের লোকজনের চলাচলে।

দেওয়ানগঞ্জ সদর থেকে উপজেলার চিকাজানি ইউনিয়নের মণ্ডলবাজার হয়ে খোলাবাড়ি বাজার পর্যন্ত সড়কটি বেশ গুরুত্বপূর্ণ। সড়কের পূর্ব দিকে দেওয়ানগঞ্জ পৌরসভা, চিকাজানি ইউনিয়নের টাকিমারি, বৌলাতলি চৌধুরীবাড়িম, চুনিয়াপাড়া, বরখাল, হলকারচর, পোল্লাকান্দি, খোটারচরসহ আরো কয়েকটি গ্রাম। আর পশ্চিমে রয়েছে বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ, ফরাজিপাড়া, নয়াগ্রাম, গমের চর, হাজারীপাড়া, খোলাবাড়ি হাট, মইন্নারচর, ডাকাতিয়াপাড়াসহ বেশ কয়েকটি গ্রাম। গ্রামগুলোর বাসিন্দারা চলাচলে ওই সড়কটিই ব্যবহার করে।

এছাড়া যমুনার ওপারে গাইবান্ধা, কুড়িগ্রাম ও বগুড়া জেলার মানুষজনও এ পথে যাতায়াত করে।

সড়ক ধসে পড়ার বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, ভাঙনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সাথে সাথেই জানানো হয়েছে। বৃহস্পতিবার ভাঙা সড়কে কাজ শুরু হবে। পরে সেখানে শক্তিশালী ব্যবস্থাগ্রহণ করা হবে।