হেলিকপ্টারে করে বিয়ে করতে এসে ভুল ঠিকানায় কিশোরগঞ্জের হোসেনপুরে ল্যান্ডিং করে একটি বরযাত্রীবাহী হেলিকপ্টার। খবর পেয়ে মুহূর্তেই হেলিকপ্টারটির আশপাশে হাজারো উৎসুক জনতার ভিড় হয়।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে হোসেনপুর পৌর এলাকার ৩৪ নম্বর ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি বাড়ির সংলগ্ন পতিত জমিতে ল্যান্ডিং করে ওই হেলিকপ্টারটি।

জানা যায়, ময়মনসংহের ভালুকা থেকে এক প্রবাসী যুবক হোসেনপুর উপজেলার চরকাটিহারী গ্রামে বিয়ে করতে এসে ঠিকানা হারিয়ে উপজেলার ধূলজুরী গ্রামে ল্যান্ড করে। সেখানে প্রায় ১৫-২০ মিনিট অবস্থান করার পর ঠিকানা ভুলের বিষয়টি নিশ্চিত হয় তারা। পরে স্থানীয় এক সাংবাদিক থেকে তারা সঠিক ঠিকানা নিয়ে ফের আসল গন্তব্যে উড়াল দেয়।

প্রত্যক্ষদর্শী ধূলজুরী গ্রামের মো: রিটন মিয়া জানান, হেলিকপ্টারটি হঠাৎ দেখে প্রথমে আমরা আতঙ্কিত ও ভয় পেয়ে যাই। পরে কাছে গিয়ে দেখতে পাই, এর ভেতরে চার বরযাত্রী। বিষয়টি এলাকায় দারুণ হাস্যরসের সৃষ্টি করেছে।