নরসিংদী শিবপুরে মিতালী পরিবহনের একটি চলন্ত বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে বাসটির হেলপার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারার চর মদিনা জুটমিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের যাত্রীবাহী বাসটি সিলেট যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারার চর মদিনা জুটমিলের সামনে পৌঁছালে হঠাৎ চলন্ত বাস থেকে ছিটকে পড়েন হেলপার। এ সময় বাসটির চালক ও যাত্রীরা নেমে চাকার নিচে পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু দেখতে পান। এরপর চালক পালিয়ে যায় ও যাত্রীরা বিকল্প পরিবহনে চলে যান।
খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম ঠিকানা জানতে পারেনি পুলিশ।
ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক কবির হোসেন ভূঁইয়া বলেন, হেলপারের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালকসহ নিহত হেলপারের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।



