কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধা ৬টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো তোফায়েল হোসেন (১১) ও সেবা খাতুন (৪)। তারা ওই গ্রামের ছকিমুদ্দিনের সন্তান।
স্থানীয়রা জানান, বাড়িতে থাকা অটোরিকশা চার্জ থেকে খুলে চালাতে যান নিহতদের বড় ভাই। এ সময় ওপরে থাকা বৈদ্যুৎতিক তারে লেগে বিদ্যুতায়িত হলে অটোরিকশার সিটে বসে থাকা তোফায়েল ও সেবা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, আমি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।



