পারিবারিক কলহের জের স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী লাভলু দাস নামে এক ব্যক্তির খুনের অভিযোগ উঠেছে স্ত্রী স্মৃতি দাসের (২৮) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ জুলাই) সকালে মাগুরা শহরের পৌর এলাকার সাহাপাড়ার ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায় দ্বিতীয় স্ত্রী তার স্বামীকে ছুরিকাঘাত করে।
লাভলু দাস শহরের নিজনান্দুয়ালি গ্রামের তপন দাসের ছেলে। তিনি শহরতলী সাজিয়াড়ার ডাল এলাকার একটি সেলুনের দোকানে কাজ করতেন।
মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিষ কর্মকার জানান, পরিবার থেকে দ্বিতীয় বিয়ে মেনে না নেয়ায় লাভলু দাসের দ্বিতীয় স্ত্রী স্মৃতির সাথে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি (স্মৃতি) লাভলুকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে (লাভলু) মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, খুনের অভিযোগে দ্বিতীয় স্ত্রীকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়েছে।
জানা যায়, লাভলু দাসের প্রথম স্ত্রী লী দাসের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। কিছুদিন আগে স্মৃতিকে প্রথম স্ত্রীর অজান্তে বিয়ে করে শহরের সাহাপাড়ায় বাড়িতে ভাড়া থাকতেন।



