রংপুরের মিঠাপুকুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার অভিযোগে গৃহবধূর স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৩ জুলাই) ভোরে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার রানীপুকুর ইউনিয়নের মমিনপুরের (আবাসন প্রকল্প) বাবলু কেরকাটার মেয়ে সুমী কেরকাটার (১৯) ছয় মাস আগে বিয়ে হয়েছিল একই গ্রামের লেদা টপ্যের ছেলে দীপল টপ্যের সাথে। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। ঘটনার দু’দিন আগে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে গ্রাম্য সালিশ হয়েছিল।

স্থানীয়রা ধারণা করছে, শনিবার রাতের কোনো এক সময় স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।

সুমী কেরকাটার পরিবারের দাবি, অভিযুক্ত দীপল পরকীয়া সম্পর্কে ছিলেন।

এ ঘটনায় সুমীর বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ স্বামী দীপলকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।