খুলনার পাইকগাছায় অস্ত্র ও গুলির মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল হোসেন ওরফে পঁচা ওরফে ‘হঠাৎ বাবু’ (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২২ জুলাই) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০১০ সালে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করে পাইকগাছা থানা পুলিশ। ওই মামলায় চলতি বছরের ২৭ জুন খুলনা দায়রা জজ আদালত তাকে অস্ত্রের জন্য ১০ বছর ও গুলির জন্য সাত বছরসহ সর্বমোট ১৭ বছরের সশ্রম করাদণ্ডাদেশ প্রদান করেন। যদিও ২০১০ সাল থেকেই পালাতক ছিল কুখ্যাত সন্ত্রাসী হঠাৎ বাবু।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



