দাদনের টাকা চাইতে গিয়ে কুমিল্লার লাকসামে ছুরিকাঘাতে আউয়াল হোসেন সিয়াম (২০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জাহাঙ্গীর আলম নামে এক হকার। শনিবার রাতে লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম পৌরসভার কসাইখানা এলাকার সরাফত আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে পৌরসভার গন্ডামারা এলাকার আউয়াল হোসেন সিয়াম ভাঙ্গারি ব্যবসা করতেন। ভাঙ্গারি মালামাল কিনতে ব্যবসায়ী সিয়ামের কাছ থেকে সবুজ নামে এক হকার নগদ ৫০ হাজার টাকা দাদন নেয়। হকার সবুজ একই গ্রামের বাসিন্দা মৃত আব্দুস ছামাদের ছেলে। সবুজ দীর্ঘ দিন ধরে ওই ব্যবসায়ী সিয়ামের টাকা পরিশোধ না করে অন্য ভাঙ্গারি দোকানে মালামাল বিক্রি করে। দাদনের টাকা নিয়ে বিরোধের জেরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয় কয়েকবার। শনিবার সন্ধায় ব্যবসায়ী সিয়ামের দোকানের কর্মচারী জাহাঙ্গীরকে খালপাড় এলাকায় হকার সবুজের কাছে দাদনের পাওনা টাকা চাইতে যান। এসময় জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করে সবুজ। এতে জাহাঙ্গীর আহত হয়ে পালিয়ে এসে সিয়ামকে বিষয়টি জানালে সিয়াম এগিয়ে যান। এ সময় সবুজ তাকে একা পেয়ে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, মামলার প্রস্তুতি চলছে। হত্যাকান্ডে জড়িতদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।