বগুড়ার শাজাহানপুরে চাঁদার দাবিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাগরের নেতৃত্বে শাবরুল বাজারে রড সিমেন্ট ব্যবসায়ী নুরুজ্জামান পান্নু (৪২)-কে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। তাকে মুমূর্ষু অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অভিযুক্ত সাগর মাদক ও হত্যাসহ ৭-৮টি মামলার আসামি বলে জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনার পরপরই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে বগুড়া শহর থেকে কাহালু উপজেলা সড়ক বন্ধ করে দেয়। এ সময় দুই পাশে হাজারো পরিবহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পান্নু উপজেলার শাবরুল গ্রামের সাবেক ইউপি সদস্য মন্টু মিয়ার ছেলে। গতকাল উপজেলার শাবরুল বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ব্যবসায়ী পান্নু দোকানে বসেছিলেন। এমন সময় সাগর তার লোকজন নিয়ে এসে পান্নুকে ডেকে কিছু দূর নিয়ে যায়। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করা হয়। এ সময় পান্নুর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মুহূর্তেই সাগর তার দলবল নিয়ে পালিয়ে যায়।