নওগাঁর রাণীনগরে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন।

সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু হুমাইরা খাতুন (৪) জেলার ধামইরহাট উপজেলার চৌঘাট গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। আহতরা হলেন, উপজেলার লোহাচুড়া গ্রামের সিএনজিচালক লেবু হোসেন (৫০), মোটরসাইকেল চালক মোয়াজ্জেম হোসেন (৫২), গুয়াতা এলাকার মোসারব হোসেন (২৮), কালীগ্রামের সাব্বির (১৬) ও সাব্বিরের মা সালমা (৪৫)।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে সিএনজিটি যাত্রী নিয়ে আবাদপুকুর থেকে রাণীনগর আসছিল। একই সাথে মোটরসাইকেলটিও রাণীনগরের অভিমুখে আসছিল।

পথিমধ্যে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া জোরা ব্রিজ এলাকায় পৌঁছলে সিএনজিটি একটি ব্রিজ দিয়ে এবং মোটরসাইকেলটি অপর ব্রিজ দিয়ে সড়কে নামার সময় সংঘর্ষ ঘটে।

এ সময় সিএনজিটি যাত্রী নিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। মোটরসাইকেলের চালক সড়কে ছিটকে পড়েন। এতে সিএনজির যাত্রী, চালকসহ পাঁচজন এবং মোটরসাইকেলের চালক আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সিএনজিচালক লেবু হোসেন, যাত্রী শিশু হুমাইরা ও মোটরসাইকেলচালক মোয়াজ্জেমের অবস্থা আশঙ্কাজনক হলে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু হুমাইরার মৃত্যু হয়। আর উন্নত চিকিৎসার জন্য সিএনজিচালক লেবু হোসেন ও মোটরসাইকেল চালক মোয়াজ্জেমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।