কর্মসংস্থানের জন্য সুদূর দক্ষিণ আফ্রিকায় গিয়ে স্থানীয় সন্ত্রাসীদের হাতে খুন হলেন মোহাম্মদ আসাদ মিয়া (৪০) নামের এক বাংলাদেশী যুবক।
সোমবার (২৪ জুলাই) স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) রাজধানী কেপটাউনের মামেসবেরিতে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে।
নিহত যুবক আসাদ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামের মো: জহিরুল হক বকুলের ছেলে ও দুই সন্তানের জনক।
নিহতের ছোট ভাই মো: বাছির মিয়া জানান, আসাদ মিয়া কয়েক বছর ধরে উপজেলার বড়গাঁও গ্রামের দক্ষিণ আফ্রিকা প্রবাসী লিটল ফরাজীর মালিকানাধীন রাজধানী কেপটাউনের মামেসবেরির দোকানে কাজ করতেন। প্রতি দিনের মতো তিনি গত রাতেও দোকানে কাজ করছিলেন। স্থানীয় সময় রাত ৮টায় কয়েকজন সন্ত্রাসী দোকানে এসে আসাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে চলে যায়। পরে দোকানের অন্য কর্মচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



