ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ডসহ উপজেলার হবিরবাড়ি, সিডস্টোর ও মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কের জায়গা দখল করে কয়েক শ’ দোকানপাট বসানো হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি সঙ্কোচিত হয়ে যান চলাচলে বিঘœ ঘটনায় পথচারী ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সম্প্রতি তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও সপ্তাহ যেতে না যেতেই প্রভাবশালীরা আবারো সেখানে দোকান বসিয়ে দিয়ে টাকা তুলছেন।
জানা গেছে, ২০১৬ সালের মাঝামাঝিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি ফোর লেনে উন্নীত হয়। এতে সড়কটি প্রশস্ত হওয়ায় কয়েক মাসের মধ্যেই ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে অস্থায়ী দোকানিরা বসতে শুরু করে। পরবর্তী সময়ে স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে ও আয়োজনে তাদেরকে মোটা অঙ্কের জামানত দিয়ে খুদে ব্যবসায়ীরা সেখানে স্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। এতে ফোর লেন সড়কের উভয় পাশের এক লেন বন্ধ হয়ে যায়। শুরু হয় যানজট। প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত থেমে থেমে যান চলাচল করে। অনেকসময় রোগী নিয়ে অ্যাম্বুলেন্সকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়।
উপজেলার সিডস্টোর ও স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের দু’পাশে কয়েক শ’ দোকান বসানো হয়েছে। বিক্রি হচ্ছে মাছ, গোশত, শাকসবজি, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন প্রকার ফল ও সবজি। প্রতিটি দোকান থেকে দৈনিক চার শ’ থেকে পাঁচ শ’ করে টাকা দিতে হয় স্থানীয় প্রভাবশালীদের। দোকানি, ক্রেতা ও স্থানীয়রা জানান, বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিদিন সিডস্টোর বাসস্ট্যান্ড ও স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় কিছু প্রভাবশালীর নেতৃত্বে এই টাকা তোলা হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, সড়ক সঙ্কীর্ণ করে দোকান বসিয়ে তারা প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। মাঝে মধ্যে স্থাপনা উচ্ছেদ করা হলেও প্রভাবশালীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয় না। ফলে উচ্ছেদ অভিযানের দু’দিন পরেই তারা সেখানে ফের দোকানপাট বসিয়ে দেন।
ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশের ওসি রিয়াদ মাহমুদ নয়া দিগন্তকে বলেন, গত ঈদের আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতে আবারো ওসব স্থানে স্থাপনা গড়ে উঠেছে। ইউএনও বর্তমানে ট্রেনিংয়ে আছেন। তিনি এলে পুনরায় অভিযান চালানো হবে।
ভালুকায় মহাসড়ক দখল করে বাজার দুর্ভোগে পথচারী ও যানবাহন
ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ডসহ উপজেলার হবিরবাড়ি, সিডস্টোর ও মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কের জায়গা দখল করে কয়েক শ’ দোকানপাট বসানো হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি সঙ্কোচিত হয়ে যান চলাচলে...



