নওগাঁর রাণীনগর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেহেনা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেহেনা একডালা উপজেলার নুরুল ইসলামের স্ত্রী।
নিহতের ভাতিজা আব্দুর রাজ্জাক জানান, আমার বাবা অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার বিকেলে নওগাঁ হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। পরিবারের লোকজন বাবাকে নিয়ে সিএনজিতে ছিলেন। সিএনজিতে জায়গা না থাকায় আমি আমার ফুফু রেহেনাকে নিয়ে মোটরসাইকেলযোগে নওগাঁর উদ্দেশে রওনা হই। পথে রাণীনগর-আবাদপুকুর সড়কে সোনাকানিয়া ব্রিজ এলাকায় স্পিডব্রেকার উচুঁ হওয়ায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে ফুফু রেহেনা মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ফুফুকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রেহেনাকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহত রেহেনার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মঙ্গলবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করা হয়েছে।



