জামালপুরের দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী সড়ক যমুনা নদীর পানির তোড়ে ধসে যাওয়ায় বন্ধ হয়ে গেছে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা। এতে করে ওই পথে লোকজন ও যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধা দেখা দিয়েছে। স্থানীয় লোকজন নিজেদের সংগৃহিত বাঁশ, কাঠ দিয়ে তৈরী সাঁকো বানিয়ে অতি ঝুঁকিতে পারাপার হচ্ছে। নৌকায়ও পারাপার চলছে। সেখানে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

জানা যায়, কিছুদিন আগে হঠাৎ করে দেওয়ানগঞ্জের ব্রক্ষপুত্র, যমুনা নদ-নদীতে পানি বৃদ্ধি পেতে থাকে। ছুঁই ছুঁই করতে থাকে বিপৎসীমা। সৃষ্টি হয় ভাঙ্গনের। এমনি এক সময় দেওয়ানগঞ্জ খোলাবাড়ী পাকা সড়কের নয়াগ্রাম ব্রিজ সংলগ্ন সড়ক ধসে যায়। এতে করে ১০ থেকে ১৫টি বাড়ি ভেঙ্গে যায়। অনেক পরিবার ভাঙ্গন থেকে রক্ষা পেতে নিরাপদে সরে যায়।

এ লেখার সময় পানি অনেক কমে গেলেও, নদীতে ভাঙ্গন অব্যাহত রয়েছে। ওই ভাঙ্গন স্থান দিয়ে পূর্ব ও পশ্চিমাঞ্চলের অন্তত ১০ থেকে ১২টি গ্রামের মানুষ যাতায়াত করে থাকে। স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থী, কৃষক, পথচারী, ব্যবসায়ী ও প্রশাসনিক কর্মকর্তাগণ চলাচল করে থাকেন।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জানান, ভেঙে যাওয়া স্থানে স্থায়ী ব্যবস্থা পরে করা হবে, বর্তমানে সরকারি অর্থায়নে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে পারাপার ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হয়েছে।