সুনামগঞ্জের শাল্লায় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আসা ৭৫ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) ভারতীয় চিনি জব্দ করেছে উপজেলা প্রশাসন থানা পুলিশ।

বুধবার (২৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাল্লা উপজেলার সাতপাড়া বাজারের নৌকা ঘাটে চিনির বস্তাগুলো আটক করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, দিরাই উপজেলার শ্যামারচর থেকে ছেড়ে আসা আজমিরীগঞ্জের যাত্রীবাহী নৌকা থেকে চিনির বস্তা জব্দ করা হয়েছে। তবে রহস্যজনক কারণে চোরাচালানের মালিক বা কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে দিরাই উপজেলার শ্যামারচর বাজার থেকে যাত্রীবাহি নৌকাযোগে চিনির বস্তাগুলো হবিগঞ্জের আজমিরীগঞ্জ সদরে নিয়ে যাচ্ছিল চোরাকারবারি দল। গোপন সংবাদে আগ থেকে ওঁত পেতে থাকা শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব ও শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামসহ একদল পুলিশ সাতপাড়া বাজারের নৌকা ঘাটে ৭৫ বস্তা চিনি আটক করেন।

নৌকা চালক আবুল কালাম বলেন, আমাদের যাত্রীবাহি নৌকাতে শ্যামারচর বাজারের ব্যবসায়ী সুমন রায় চিনির বস্তাগুলো তুলে দেন আজমিরীগঞ্জ বাজারে নেয়ার জন্য। এগুলো দেশী না বিদেশী আমি জানি না। তবে স্যাররা বলেছেন, এগুলো চোরাই পথে আসা ভারতীয় চিনি।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতপাড়া বাজার থেকে একটি যাত্রীবাহি নৌকায় থাকা ৭৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আটক করা ভারতীয় চিনির মালিকের নামে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।