লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। পৌরসভার বেংকান্দা এলাকায় রাবার ড্যামে গত মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত রাফসান সরকার (১৫) ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এবং মিসকাত হোসেন (১২) একই বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। উভয়ের বাড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডের জেএমসি পাড়ায়। রাফসান পৌর শহরের বস্ত্র ব্যবসায়ী রাসেল সরকারের ছেলে এবং মিসকাত মুদি ব্যবসায়ী নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে তিন বন্ধু ধরলা নদীর রাবার ড্যামে গোসল করতে নামে। রাফসান ও মিসকাত সাঁতার না জানায় মুহূর্তের মধ্যেই তারা নদীতে ডুবে যায়। এ সময় অপর বন্ধুর চিৎকারে স্থানীয়রা নদীতে নেমে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে। ফায়ার সার্ভিসের সদস্যরা তখন চলে আসায় তারা দু’জনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দুজনরই মৃত্যু হয়।
এ ব্যাপারে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, মৃত কিশোরদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।