কুমিল্লার চান্দিনায় সড়কের ১২টি গাছ কেটে নিয়েছে এলাকার একটি প্রভাবশালী পরিবার। স্থানীয়দের বাধা উপেক্ষা করে গত সোমবার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ-বড়ইয়াকৃষ্ণপুর সড়কের রানীপুর গ্রামের সারিবদ্ধ ১২টি কড়ই গাছ কেটে নেয় তারা।
জানা যায়, রানীপুর গ্রামের মনিরুজ্জামান মুন্সি ওই সড়কের দুই পাশের ১২টি কড়ই গাছ ৩২ হাজার টাকায় স্থানীয় এক গাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। গত সোমবার সকাল থেকে ওই গাছ কাটা শুরু করেন গাছ ব্যবসায়ী মহসিন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার সচেতন মহল বাধা দিলেও তা কর্ণপাত না করে একের পর এক সবগুলো গাছ কেটে নেয় তারা।
গাছ ব্যবসায়ী মহসিন বলেন, আমি ১২টি গাছ ৩২ হাজার টাকায় কিনেছি। যারা বিক্রি করেছে তাদের সাথে কথা বলেন।
গাছ বিক্রেতা মনিরুজ্জামানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
সুহিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক বলেন, আমি চান্দিনা যাওয়ার পথে সড়কের গাছ কাটা দেখে বাধা দেই। কিন্তু তারা আমার কোনো কথাতেই কর্ণপাত করেনি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমাকে আবারো ফোন করেছেন আমি ঘটনাস্থলে যাচ্ছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার বলেন, আমি কুমিল্লাতে একটি জরুরি মিটিংয়ে আছি। এখনই খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।