কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে চরপুমদী এপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে চতুর্থ শ্রেণীর ছাত্র মোয়াজকে (১০) কিল, ঘুষি ও লাথিসহ বেধড়ক মারধর করে গুরুতর আহত করেছেন এক অভিভাবক। এতে ঘটনাস্থলেই ওই ছাত্রের গলা দিয়ে রক্ত বের হতে থাকলে তাকে দ্রুত হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত স্কুলছাত্রের বাবা উপজেলার রামপুর গ্রামের বাবুল মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন দিয়ে ন্যায় বিচার প্রার্থনা করেন। পাশাপাশি হোসেনপুর থানায়ও লিখিত অভিযোগ দায়ের করে জরুরি প্রতিকার দাবি করেন।
অভিযোগপত্র ও অন্যান্য সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে উপজেলার চরপুমদী এপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত দুই শিক্ষার্থী খেলা করার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ ঝগড়ায় লিপ্ত হলে শিক্ষক নাজমা আক্তারসহ কয়েকজন তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন। এরই ধারাবাহিকতায় এক শিক্ষার্থীর বাবা চরপুমদী গ্রামের নুরুল্লাহ (৩৫) হঠাৎ শ্রেণিকক্ষে ঢুকে মোয়াজকে টেনেহিঁচড়ে বের করে মধ্যযুগীয় কায়দায় বারান্দার মেঝেতে ফেলে কিল, ঘুষি, লাথি মারতে থাকে এবং গলায় পা দিয়ে চাপা দেন। এতে মোয়াজের গলা দিয়ে রক্ত বের হতে থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডলের পরামর্শে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম সেলিম জানান, ঘটনার সময় তিনি উপজেলা শিক্ষা অফিসে মাসিক সমন্বয় সভায় ছিলেন। সহকারী শিক্ষকদের কাছ থেকে ঘটনা শুনে হাসপাতালে গিয়ে ছাত্রটিকে দেখে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, শ্রেণিকক্ষে ঢুকে একজন অভিভাবক স্কুলছাত্রকে নির্মমভাবে প্রহার করা নজিরবিহীন ও খুবই দুঃখজনক উল্লেøখ করে তিনি ইউএনওর সাথে কথা বলে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান, স্কুলছাত্র মোয়াজের বাবা অভিযুক্ত নুরুল্লাহকে বিবাদি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল জানান, আহত স্কুলছাত্রের মা-বাবা সাক্ষাৎ করে ন্যায় বিচার চেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
হোসেনপুরে শ্রেণিকক্ষে ঢুকে স্কুলছাত্রকে পিটিয়ে রক্তাক্ত
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে চরপুমদী এপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে চতুর্থ শ্রেণীর ছাত্র মোয়াজকে (১০) কিল, ঘুষি ও লাথিসহ বেধড়ক মারধর করে...



