কিশোরগঞ্জের কটিয়াদীতে পাওনা ৬০০ টাকা আদায়ের জন্য নূর আলম (৩৭) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নূর আলম উপজেলার চমকপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি আক্তার বাদি হয়ে বুধবার মামলা করেন। মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যে মূল আসামিসহ মোট তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন চমকপুর গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে মূল আসামি রফিক মিয়া, ভুনা গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে আকাশ মিয়া ও একই গ্রামের মৃত ছালেক খানের ছেলে হাদিস খাঁ।
পুলিশ সূত্রে জানা যায়, নূরে আলমের সাথে পাওনা ৬০০ টাকা নিয়ে একই গ্রামের রফিক মিয়ার দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছিল। এর জেরে গত সোমবার রাত ১১টার দিকে নূরে আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বিবাদিরা। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন বাড়ির পাশের পাটক্ষেত থেকে ওড়না দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় নূর আলমের লাশ উদ্ধার করা হয়।
কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন জানান, বুধবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ দিকে এজাহারনামীয় মূল আসামি রফিক মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।



