ঠাকুরগাঁও সদরে বাবার সাথে নদীতে মাছ ধরতে গিয়ে ছেলে নিখোঁজ হয়েছে।

রোববার (৩০ জুলাই) বিকেলে সদরের রুহিয়া থানা এলাকার তীরনই নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ছেলের নাম তামিম হোসেন (১০)। সে ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানাধীন কানিকশালগাঁও গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

মনোয়ার হোসেন বলেন, ‘ছেলে তামিমকে নিয়ে নদীতে মাছ ধরার ফাঁদ পাততে যাই। আমি ফাঁদ পাতছিলাম আর তামিম পাশে খেলছিল। এ সময় হঠাৎ আমার ছেলে নদীতে পড়ে যায়। সাথে সাথে আমি নদীতে ঝাঁপ দিয়ে অনেক খুঁজেও তাকে পাইনি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুরুজ্জামান জানান, রাত ১২টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তামিমের কোনো সন্ধান মেলেনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামাল হোসেন বলেন, নিখোঁজ তামিমকে উদ্ধার করা সম্ভব হয়নি। ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করবে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।