কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায় জনসভার ঘোষণা করেছে জেলা বিএনপি। এর জের ধরে নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও নবীনগর পৌর এলাকায় বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটির স্থানীয়রা নেতারা। অভিযানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের চার নেতানের্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি তাদের।
সোমবার (৩১ জুলাই) দুপুরে গ্রেফতারদের আদালতে সোর্পদ করা হয়েছে। এর আগে রোববার দিবাগত রাত দেড়টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
স্থানীয় বিএনপির নেতারা বলছেন, কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক সোমবার জেলা বিএনপির জনসভাকে সামনে রেখে নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে রোববার রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। রোববার রাত দেড়টার দিকে অভিযানে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়ন থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রাম থেকে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিবলী, পৌর যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন অনিককে ও বড়িকান্দি থেকে বড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযানের খবর পেয়ে আটক ও গ্রেফতার এড়াতে বিএনপির অনেক নেতাকর্মী বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছে।
তারা আরো বলেন, নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে পুলিশ। তবে নেতাকর্মীরা যেকোনো মূল্যে জেলায় জনসভায় অংশ নেবেন। ওই লক্ষ্যে দলীয় নেতাকর্মীরা সবাই প্রস্তুতি নিয়েছে। অনেকে জেলায় চলেও গেছে।
গ্রেফতার বিষয়ে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, পুলিশ রুটিনওয়ার্ক অনুযায়ী কাজ করছে। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য পুলিশ সচেষ্ট রয়েছে। অযথা কাউকে হয়রানি বা গ্রেফতার করা হচ্ছে না। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা রয়েছে। তাদের সোমবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।



