নরসিংদীর বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররাবাদ ধনু মাস্টার উচ্চবিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণে উত্তেজিত এলাকাবাসী বিদ্যালয় ভবনে তালা লাগিয়ে দিয়েছেন। তালা লাগানোর আগে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের কিছু সময়ের জন্য অবরোধ করে রাখেন। পরে তারা প্রধান শিক্ষক আবু হানিফকে এই ফল বিপর্যয়ের জন্য দোষারোপ করে বিদ্যালয় থেকে চলে যেতে বাধ্য করেন এবং বিদ্যালয় ভবনে তালা লাগিয়ে দেন।
ঘটনাটি ৩০ জুলাই রোববারের। এলাকাবাসী জানান, সররাবাদ ধনু মাস্টার উচ্চবিদ্যালয় থেকে এ বছর ১১২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৭৫ জন পরীক্ষার্থীই অকৃতকার্য হয়। যার মধ্যে মানবিক বিভাগেই রয়েছে ৭৩ জন। এমন হতাশাব্যঞ্জক ফলাফলে এলাকাবাসী প্রধান শিক্ষক আবু হানিফকে দোষারোপ করেন। তাদের অভিযোগ, দীর্ঘ দুই যুগ ধরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আবু হানিফ। প্রধান শিক্ষক হিসেবে তিনি বিদ্যালয়ে পাঠদানের উন্নতিকল্পে কিছুই করেননি। যা কিছু করেছেন তা শুধু বিদ্যালয়ে নিজের আধিপত্য বিস্তার করে রাখা। তার এই আধিপত্যের বিরূপ প্রভাব পড়েছে পাঠদানেও। যার কারণে এত বেশি সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।
এ বিষয়ে জানার জন্য সররাবাদ ধনু মাস্টার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফের মোবাইলে একাধিকবার ফোন দেয়ার পর তিনি ফোন রিসিভ করেন। কিন্তু সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি কল কেটে দেন।
এ দিকে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য শফিকুল ইসলাম শফু বলেন, স্কুলের প্রধান শিক্ষক তার মনগড়াভাবে স্কুল পরিচালনা করেন। স্কুলের রেজাল্ট খারাপ হওয়ার জন্য তিনিই দায়ী।
ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজা হক পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার কথা স্বীকার করে বলেন, শিক্ষকদের অবহেলার কারণেই এমনটা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমান বলেন, শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইলে আসক্তি ও পড়ার টেবিলে না বসার কারণে তাদের রেজাল্ট খারাপ হয়েছে। তবে কিছু কিছু বিদ্যালয়ে শিক্ষক ও ম্যানেজিং কমিটির মধ্যে দ্বন্দ্বের কারণেও রেজাল্ট খারাপ হয়।