জামালপুরের দেওয়ানগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বাড়িঘর ও পাঁচটি পুড়েছে। এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
সোমবার (৩১ জুলাই) দিবাগত রাতে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের দপরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন দপরপাড়া গ্রামের মো: আমজাদ হোসেন, তার ছেলে মো: শেখ ফরিদ ও শেখ আহম্মদ।
ওই বাড়ির মো: জালিলুর রহমান জাল্লু নয়া দিগন্তকে জানান, সোমবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার দিকে গোয়ালঘরে কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে পাঁচটি বাড়িঘর ও পাঁচটি পুড়েছে। বাড়িতে রাখা দেড় লাখ টাকা, ২০০ মণ ধান, কৃষি-যন্ত্রপাতি, কাপড়, আসবাবপত্রসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার কামরুজ্জামান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্র আমরা সেখানে চলে যাই। অতি সরু সড়কের কারণে ঘটনাস্থলের কাছে গিয়েও সেখানে পৌঁছাতে পারিনি। আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’
দেওয়ানগঞ্জ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: মাজহারুল ইসলাম জানান, ‘অগ্নিকাণ্ডের খবর শুনেছি। সেখানে পরিদর্শনে যাওয়া প্রস্তুতি নিচ্ছি। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির মুখে পড়ে কৃষক পরিবারটি ভেঙে পড়েছে।’



