ফটিকছড়িতে জামায়াতের তিন নেতাকর্মীকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে কোর্ট হাজতে তাদেরকে পাঠানো হয়। এর আগে ভোররাতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

আটকরা হলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভূজপুর থানা জামায়াতের আমির নূর মোহাম্মদ আল কাদেরী, পাইন্দং ইউনিয়ন জামায়াতের আমির নবীর হোসেন মাসুদ ও ইমাম হোসেন।

জানতে চাইলে মামলার বাদি উপজেলা রোসাংগিরী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক মো: ইব্রাহিম বলেন, জামায়াতের মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় সিনিয়র নেতাদের পরামর্শ নিয়ে থানায় মামলা করেছি।

এ নিয়ে ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দিনের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইলে একাধিক বার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

১ আগষ্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী ও সেক্রেটারি আলাউদ্দীন সিকদার বলেন, রাতের অন্ধকারে নিজ বাসা থেকে ভূজপুর থানা জামায়াতে ইসলামীর আমির সাবেক ফটিকছড়ি উপজেলা ভাইস-চেয়ারম্যান জনাব নুর মুহাম্মদ আল কাদেরী ও পাইন্দং ইউনিয়ন আমির মুহাম্মদ মাসুদকে পুলিশ তুলে নিয়ে যায়। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামায়াতের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।