নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ির ধাক্কায় সিএনজিচালিত-অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছে। তবে ঘাতক গাড়িটি শনাক্ত করা যায়নি।

বুধবার (২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের সৈয়দনগরের ফিডার রোড-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের নগরকান্দার তোতা মুন্সীর ছেলে শাহিন হোসেন (২৮), শিবপুরের পালপাড়া এলাকার মো: রুকন উদ্দীনের ছেলে জজ মিয়া (২৩) এবং কামারগাঁও এলাকার মো: নজরুল ইসলামের ছেলে অটোরিকশাচালক নাসির উদ্দীন (২৫)। অটোরিকশায় তারা তিনজনই ছিলেন।

ফায়ার সার্ভিস ও ইটাখোলা হাইওয়ে পুলিশ সূত্র জানায়, দু’জন যাত্রী নিয়ে অটোরিকশাটি ইটাখোলার দিকে যাচ্ছিল। সৈয়দনগরের ফিডার রোড ধরে এগিয়ে আসা অটোরিকশাটি রাত আনুমানিক ১২টায় মহাসড়কে উঠলে মহাসড়কের কোনো গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি মহাসড়কে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই চালক নাসির উদ্দীনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত শাহিন হোসেন ও জজ মিয়াকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান জানান, তাদের মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিল।

খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ও ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা এবং এর চালকের লাশ উদ্ধার করে। অন্যদিকে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক মো: আবু খায়ের হাসপাতালে গিয়ে নিহত শাহিন হোসেন ও জজ মিয়ার লাশ উদ্ধার করেন।

উপ-পরিদর্শক মো: আবু খায়ের জানান, নিহত তিনজনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের সাথে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের স্বজনেরা বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করেছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।