কুড়িগ্রামের ফুলবাড়ীতে বসতবাড়ির পেছনে মাছ চাষের জন্য খনন করা ছোট খালের পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি ওয়ার্ডের খলিশাকোটাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ওই শিশুর নাম বিথী আক্তার। সে ওই গ্রামের আব্দুল হানিফের মেয়ে।
স্থানীয়রা জানান, বাড়ির ভেতর খেলনা গাড়ি নিয়ে খেলতে খেলতে শিশুটি সকলের অগোচরে বাড়ির পেছনের খালের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর শিশুটির খোঁজ হলে শিশুটির মা আশপাশে খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে বাড়ির পেছনের খালে পড়েছে সন্দেহে ওই খালে দেখতে গিয়ে শিশুটির লাশ পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এসে খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
গজেরকুটি ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



