সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকার লক্ষ্মীকোলা সড়কে নির্মিত সেতুটির দুই পাশের রেলিং দীর্ঘ দিন ধরে ভেঙে থাকায় চরম ঝুঁকিতে চলাচল করছে হাজার হাজার মানুষ। সংস্কার না করায় আতঙ্কে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। রেলিং ছাড়া সেতুতে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়তিই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তাই সেতুটি দ্রুত মেরামতের দাবি পথচারী ও স্থানীয়দের।
সরেজমিন শুক্রবার গিয়ে দেখা যায়, পৌরসভার ৭নং ওয়ার্ডের লক্ষ্মীকোলা জুমা পাড়া সেতুর দুই পাশে রেলিং না থাকায় হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে আছে সেতুটি।
স্থানীয় লক্ষ্মীকোলা জুমা পাড়ার আব্দুল বাছেদ সরকার, ডা: আব্দুস ছালাম, সোহেল রানাসহ অনেকে জানান, এ সেতুটি ২৫ বছর আগে নির্মিত হলেও দুই পাশের রেলিং ভেঙে গেছে অনেক আগে। ঝুঁকিপূর্ণ সেতুটির ওপর দিয়ে প্রতিদিন এ এলাকার প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষের যাতায়াত। দুই দিকের রেলিং না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আমাদের সামনে কয়েক দিন আগেও সাইকেল চালক সেতু থেকে নিচে পরে আহত হয়।
অটোরিকশা চালক মজিবর, মালেক, রাশেদ ও হজরত বলেন, সেতুর দুই দিকে রেলিং না থাকায় খুবই ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এই সেতুর ওপর একটি অটোরিকশা উঠলে আর কোনো গাড়ি যেতে পারে না। দশম শ্রেণীর শিক্ষার্থী সাবিনা খাতুন ও আশিক আহম্মেদ বলেন, সেতুতে গাড়ি উঠলে আমরা খুব ভয়ে পার হই।
রায়গঞ্জ পৌরমেয়র আব্দুল্লাহ আল পাঠান বলেন, লক্ষ্মীকোলা জুমা পাড়ার সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। এলজিইডির হেড কোয়ার্টার থেকে পরির্দশন করে গেছে। এখানে একটা বড় সেতু হবে।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী আব্দুল লতিফ জানান, এ সেতুর বিষয়ে প্রস্তাবনা দেয়া হয়েছে। অনুমোদন পেেেল কাজ শুরু হবে।