জয়পুরহাটের পাঁচবিবিতে স্থানীয় কয়েক যুবক অবৈধভাবে বিদ্যুতের লাইন টেনে নদীতে মাছ ধরার সময় সেই তারে জড়িয়ে দেলোয়ারা বেগম (৪৮) নামে এক বিধবা মহিলার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের নামা বাঁশখুর গ্রামে এ ঘটনা ঘটে। দেলোয়ারা গ্রামের মৃত আজাহার আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার কেন্দুল গ্রামের গোলজার হোসেনের ছেলে ওয়াজেদ (২২), শফিকুল ইসলামের ছেলে নাফিজ (১৮), মামুনের ছেলে ফেরদৌস (২০), অফির উদ্দিনের আরিফসহ (১৬) কয়েকজন মিলে একই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মাজেদের (৪০) বাড়ি থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে পাশের হারাবতী নদীতে সাব মার্সিবল মোটরের মাধ্যমে পানি সেচ দিয়ে মাছ ধরছিল। এ সময় দেলোয়ারা ঘাস কাটতে নদীর অপর পারে যাওয়ার সময় সেই বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে টেনে হিঁচড়ে পার্শ্ববর্তী কবরস্থানের পাশে রেখে পালিয়ে যায় তারা।
এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান হাবিব জানান, লাশ ময়নাতন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।



