কিশোরগঞ্জের হোসেনপুরে চিরকুট লিখে ডা: আরিফুল ইসলাম (৩০) নামে স্থানীয় মর্ডান হাসপাতালের এক এমবিবিএস চিকিৎসক আত্মহত্যা করেছেন।

শনিবার (৫ আগষ্ট) রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার ঢেকিয়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

আরিফুল ইসলাম কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার রফিকুল ইসলামের ছেলে। তিনি হোসেনপুর ফায়ার সার্ভিস সংলগ্ন বেসরকারি মডার্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ১১ ডিসেম্বরে তিনি (আরিফুল ইসলাম) পাশের উপজেলার চরকাওনা গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে ডা: শাহিন সুলতানা মীরাকে বিয়ে করেন। বিয়ের কয়েক বছর পর দু’জনই ওই হাসপাতালে কর্মরত থেকে সপরিবারে স্থানীয় একটি বাসায় ভাড়া থাকতেন। গত কয়েক মাস ধরে নানা বিষয় নিয়ে তার স্ত্রীর মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে তিনি ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ এমন একটি চিরকুট লিখে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।