ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে বিভিন্ন কলাপসিবল গেইট ও তালা কেটে নগদ টাকাসহ নানা প্রয়োজনীয় জিনিস চুরি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কলেজের দুই নাইট গার্ডকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ আগস্ট) দিবাগত রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে কলেজের প্রশাসনিক ভবনের নিচতলা ও দোতলায় অধ্যক্ষের কক্ষ, অফিস কক্ষ ও শিক্ষক পরিষদের কক্ষসহ প্রায় ১৩টি কক্ষে এ চুরি হয়।
এ সময় চোরের দল কলেজের আলমারি ও ড্রয়ারের তালা ভেঙে নগদ টাকাসহ দু’টি ল্যাপটপ, একটি সিপিও, দু’টি আইপিএস, সিসি টিভির এমবি আর, পেনড্রাইভ, বায়োমেট্রিক হাজিরা খাতা, স্টেশনারিসহ বিভিন্ন ইলেকট্রনিক মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে গেছে বলে কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ জানিয়েছেন।
আটকরা হলেন হেলাল মিয়া (৫০) ও উমর ফারক (৫৬)। এছাড়া তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে চুরির সম্পূর্ণ ঘটনাটি পরিকল্পিত বলে মনে করছেন কলেজ কর্তৃপক্ষ।
এ বিষয়ে গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ জানান, প্রশাসনিক ভবনের কক্ষে থাকা প্রায় ৩৫টি আলমারি ও ড্রয়ারের তালা ভেঙে নগদ দুই লাখ ৫৭ হাজার টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়। তবে আরো কোনো নথি চুরি হয়েছে কিনা, তা এখনো বলা সম্ভব হচ্ছে না।
তিনি আরো বলেন, কলেজে রাতের পাহারাদার নিয়োজিত ছিল। পাহারাদাররা চুরির সময় ঘুমিয়ে ছিল বলে জানা গেছে। এ বিষয়ে থানায় অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ জমা দেয়া প্রক্রিয়াধীন রয়েছে।
কলেজের নাইট গার্ড হেলাল মিয়া ও উমর ফারুক বলেন, রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তাই কিছুই টের পায়নি।
খবর পেয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবিদুর রহমান, গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



