কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর স্টেশন এলাকায় পয়েন্ট পরিবর্তনের সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভৈরব-কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সরারচর স্টেশন মাস্টার মো: সেলিম হোসেন জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) ট্রেনটি সরারচর স্টেশনে প্রবেশ করার সময়ে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতী (৭৫০) ট্রেনটিও সরারচর স্টেশনে পৌঁছায়।
এ সময় পয়েন্ট পরিবর্তনের করতে গিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধার কার্যক্রম শুরু করবে। বর্তমানে ভৈরব-কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।



