জামালপুরের দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় আ: ছালাম (৬৮) নামে এক কৃষক মারা গেছেন।
সোমবার (৭ আগস্ট) সকালে পোল্যাকান্দি ব্রিজের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
তিনি দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি গ্রামের মরহুম নাছির বেপারীর ছেলে এবং অত্র ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আহেদ আলী বেপারীর বড় ভাই।
আ: ছালামের ভাতিজা গোলাম মোস্তফা নয়াদিগন্তকে জানান, তার চাচা আ: ছালাম একটি দণ্ডয়ামান ভ্যানের ওপর বসেছিলেন। এ সময় উত্তর থেকে মাল বোঝাই অন্য একটি ভ্যান দ্রুত গতিতে এসে এ ভ্যানের সাথে ধাক্কা লাগলে আ: ছালাম হঠাৎ পাকা সড়কে পড়ে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। জামালপুরের ডাক্তাররা তার অবস্থা গুরুতর ভেবে রেফার্ড করেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে কৃষক আ: ছালাম মারা যান।



