কিশোরগঞ্জের হোসেনপুরে নুরুল ইসলাম পুটন (৫২) নামে এক যুবদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধারা করা হয়।
পুটন উপজেলার জিনারী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি উপজেলার এক নম্বর জিনারি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে স্থানীয় বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক স্পেশাল পিপি অ্যাডভোকেট মো: মঞ্জুরুল ইসলাম জুয়েল।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার পৌর এলাকার নতুন বাজার মাছমহল সংলগ্ন স্থানের নিজ বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে হোসেনপুর থানা পুলিশ ।
পুটনের পরিবারের দাবি, তিনি স্থানীয় রাজনীতি ও বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলেন বিধায় সারাক্ষণ ব্যস্ত সময় কাটাতেন। তাই বর্তমান পরিস্থিতিতে তিনি আত্মহত্যা করতে পারে না। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাই ন্যায় বিচারের জন্য এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুটনের নিকট আত্মীয় মো: রনি খাঁন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার মধ্যে কোনো একসময় তিনি নিজ বাসায় সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে আরো তথ্য উপাত্ত সংগ্রহ অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।



