নওগাঁর রাণীনগরে জানালা ভেঙে ঘরে ঢুকে প্রবাসীর ঘুমন্ত স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে রহিদুল ইসলাম ওরফে ভোলতা (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ আগস্ট) গ্রেফতার যুবককে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (৪ আগস্ট) গৃহবধূর শাশুড়ি রহিদুল ইসলামকে আসামি করে থানায় মামলা করেন।

রহিদুল ইসলাম উপজেলার আমিরপুর গ্রামের সাবের আলীর ছেলে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, স্বামী বিদেশে থাকার সুবাদে তিনি শ্বশুর বাড়িতে থাকেন। সোমবার (২৪ জুলাই) রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে রহিদুল জানালা ভেঙে ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করলে লোকজন ছুটে আসে এবং ওই যুবক পালিয়ে যান।

এ ঘটনায় শুক্রবার ওই গৃহবধূর শাশুড়ি রহিদুলকে আসামি করে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে আবাদপুকুর এলাকা থেকে রহিদুলকে গ্রেফতার করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় রহিদুল ইসলামকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।