কিশোরগঞ্জের হোসেনপুরে নুরুল ইসলাম পুটন (৫২) নামে এক যুবদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুটন উপজেলার জিনারি ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং জিনারি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম জুয়েল।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পৌর এলাকার নতুন বাজার মাছমহল সংলগ্ন এলাকার নিজ বাসা থেকে পুটনের ঝুলন্ত লাশ উদ্ধার করে হোসেনপুর থানা পুলিশ। তবে পুটনের পরিবারের দাবি সে স্থানীয় রাজনীতি ও বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলেন বিধায় সারাক্ষণ ব্যস্ত সময় কাটাতেন। তাই বর্তমান পরিস্থিতিতে তিনি আত্মহত্যা করতে পারেন না। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার মধ্যে কোনো এক সময় তিনি নিজ বাসায় সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে আরো তথ্য উপাত্ত সংগ্রহ অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি।