আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সঞ্জয় কুমার প্রামানিকের (৩৫) মৃত্যু হয়েছে।

বুধবার (৯ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহুরুল ইসলাম জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয়ের ছোট ভাই সম্পদ সকালে মোবাইল ফোনে আমাকে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

উল্লেখ্য, বুধবার (২ আগস্ট) রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে তিনি ভেড়ামারা গোডাউন মোড় এলাকায় পৌঁছালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুবজোটের জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান শোভনের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তার পায়ে ও মাথায় মারাত্মক জখম হয়। এ সময় তার সাথে থাকা বেলাল হোসেন (৩৬) ও শ্যামল সরদার নামে আরো দু’জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। পরে তাকে (সঞ্জয়) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার ঘটনার পরই ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। হামলার পরদিন সঞ্জয়ের স্ত্রী বিথী রাণীদে থানায় মোস্তাফিজুর রহমানসহ ১৪ জনকে আসামি করে মামলা করেন।