খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ফের বড় বেতনে চাকরির কথা বলে কম্বোডিয়ায় নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয় রাসেল নামে এক আদম ব্যবসায়ী কপিলমুনির নাবা এলাকার আব্দুল কাদের নামে এক যুবকের কাছ থেকে ৫ লাখ টাকা নিয়ে তাকে কম্বোডিয়া পাঠায়। সেখানে তাকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে বাড়ি থেকে ফের মুক্তিপণের টাকা পেয়ে একজিট ভিসার মাধ্যমে কাদের বাড়িতে ফিরে তার ওপর লোমহর্ষক নির্যাতন ও প্রতারণার বর্ণনা দেয়। এর আগে চলতি বছরের প্রথম দিকে কপিলমুনির সাংবাদিক তপন পাল তার কলেজ পড়–য়া ছেলে সুদীপ্ত পালকে স্থানীয় আরেক আদম ব্যবসায়ী দিদারের মাধ্যমে একইভাবে কম্বোডিয়ায় পাঠালে সেও প্রতারিত হয়। সুদীপ্তকে কম্বোডিয়ায় আটকে অনুরূপ নির্যাতন শুরু করলে একই দালালের মাধ্যমে অতিরিক্ত ২ লাখ টাকা ও ভবিষ্যতে মামলা না করতে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে দেশে ফেরৎ পাঠানো হয়।
স্থানীয়রা জানান, এসব ভুঁইফোড় আদম ব্যবসায়ী চাকরি প্রত্যাশী নিরীহ বেকার ও তা তার অভিভাবকদের কথার ফুলঝুড়িতে আটকিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে কম্বোডিয়াসহ বিভিন্ন দেশে ভালো বেতনে চাকরির নামে পাঠিয়ে প্রতারণা করে আসছে। এ ঘটনায় তারা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।