জামালপুরের দেওয়ানগঞ্জে মা-বাবার ওপর অভিমান করে মাইশা (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সে ইসলামপুর উপজেলার সিরাজাবাদ গ্রামের ফয়জুর রহমানের মেয়ে মাইশা। এবারে দেওয়ানগঞ্জ জিল বাংলা চিনিকল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেছে।

দেওয়ানগঞ্জ পৌরসভার জিল বাংলা চিনিকল এলাকায় একটি ভাড়া বাসায় শিক্ষার্থী মাইশা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে শোনা যাচ্ছে।

দেওয়ানগঞ্জ সরকারি একেএম কলেজে ভর্তি হবার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা যায়। তুচ্ছ ঘটনায় মা-বাবার ওপর অভিমান করে এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রকাশ।

দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার বিপুল মিয়া ও ডাক্তার ফারিয়া বিনতে মাহাবুব জানান, মাইশাকে হাসপাতালে আনে স্বজনরা। পরে খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী ও ওসি শ্যামল চন্দ্র ধর এক দল পুলিশসহ হাসপাতালে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল চন্দ্র ধর নয়া দিগন্তকে জানান, এই মৃত্যুর বিষয়ে মা-বাবা, আত্মীয়-স্বজনের কারো কোনো অভিযোগ না থাকায় ঊর্দ্ধতন কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে লিখিতভাবে মা-বাবার নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।