নওগাঁর মান্দায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
শুক্রবার (১১ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার পাকুড়িয়া বধ্যভূমি সংলগ্ন একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তার পরনে ছিল হাফ শার্ট ও লুঙ্গি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, এখন পর্যন্ত লাশের নাম-পরিচয় এবং গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।



