দিনাজপুরের বোচাগঞ্জে ধানক্ষেত থেকে গনেশ ভট্টাচার্য নামে এক পুরোহিতের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) সকালে বোচাগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের উপরপড়ি বাজারএলাকা হতে এই লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত গণেশ ভট্টাচার্য (২৫) ওই এলাকার দীনেশ ভট্টাচার্যের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গনেশ ভট্টাচার্য বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাতের খাবার খেয়ে অন্য দিনের মতো পাশ্ববর্তী বাজারের উদ্দেশে বের হয়। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। সারারাত তারা হন্যে হয়ে খুঁজলেও গণেশকে পাওয়া যায়নি। শুক্রবার সকালে এলাকাবাসী মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন সদ্য রোপন করা ধানক্ষেতে গণেশের লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন সেখানে ছুটে আসে।

জানা যায়, নিহত গণেশের কপাল, হাত ও পাসহ পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাকে হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা করছে এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, পুরোহিতের জোতবানীই একমাত্র আয়ের উৎস হওয়ায় নানা অভাব-অনটনের সংসারে গণেশ ভট্টাচার্য বিভিন্ন জনের কাছে ধার-দেনায় জর্জরিত ছিল। একইসাথে চড়া সুদেও টাকা নিয়ে ফেরত দিতে পারছিলেন না ওই পুরোহিত। পাওনাদারদের কেউ তাকে খুন করল কিনা তা তদন্ত হওয়া প্রয়োজন বলে জানায় এলাকাবাসী।

এদিকে খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ লাশটি উদ্ধারের পর সুরতহাল শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। সেখানে ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহ আল মাসুম, বোচাগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল হুদা, এএসপি (কাহারোল সার্কেল) মো: মিজানুর রহমানসহ অন্য কর্মকর্তাগণ।

এ ব্যাপারে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল বলেন, আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে।