খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে টিসিবির কার্ড সংশোধন ও যাচাই-বাছাই নিয়ে বাগি¦তণ্ডায় জড়িয়ে দুই পুরুষ ও মহিলা ইউপি সদস্যের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সংরক্ষিত নারী ইউপি সদস্য সখিনা বিবির অভিযোগ, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য রবীন্দ্রনাথ অধিকারী ও তার সাথে থাকা জয়দেব ঠাকুর তাকে চেয়ার ছুড়ে মেরেছেন। এ ঘটনায় সখিনা বিবি গত শুক্রবার বিকেলে রবীন্দ্রনাথ অধিকারীসহ দু’জনের বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগে কপিলমুনি ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য ছখিনা বিবি জানান, শুক্রবার সকালে কপিলমুনি সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য রবীন্দ্রনাথ অধিকারী তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে বসে টিসিবির কার্ড সংশোধনের কথা বলে উপকারভোগীদের কাছ থেকে জনপ্রতি খরচ বাবদ ৫০-১০০ টাকা হারে নিয়ে আবেদনপত্রে স্বাক্ষর করছিলেন। এ সময় উপকারভোগীদের অনেকেই বলেন, মহিলা মেম্বার জনপ্রতি ২০ টাকা নিচ্ছেন কিন্তু তার ৫০ টাকা নেয়ার কারণ জানতে চান। এ সময় তিনি তাদেরকে আবেদনপত্রে স্বাক্ষর না করে শুধু সিল দিয়ে মহিলা সদস্যের কাছে পাঠিয়ে দেন।
ছখিনা বিবির অভিযোগ, তিনি রবীন্দ্রনাথ অধিকারীর অফিসে গিয়ে আবেদনপত্রে স্বাক্ষরবিহীন সিল দেয়ার কথা বলা মাত্রই তিনি গালিগালাজ শুরু করেন। বাগি¦তণ্ডার এক পর্যায়ে তিনি তার ওপর চেয়ার ছুড়ে মারেন বলেও অভিযোগ তার।



