টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হ্রদে দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। গতকাল শনিবার পাঁচটি ইউনিটে উৎপাদন হয়েছে ২ শত ১ মেগাওয়াট।
জানা যায়, কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎকেন্দ্রে গত সপ্তাহে পাঁচটি ইউনিটে ১৬৬ মেগাওয়াট সর্বোচ্চ উৎপাদন হয়েছিল। কাপ্তাই হ্রদে পানির পরিমাণ রুলকার্ভ অনুযায়ী ৯২.৭২ ফুট অর্থাৎ সি লেভেল (এমএসএল) পর্যন্ত থাকার কথা থাকলেও গতকাল শনিবার কাপ্তাই হ্রদে পানি পরিমাণ রয়েছে রুলকার্ভ অনুযায়ী ১০১ দশমিক ৪৬ ফুট অর্থাৎ সি লেভেলের চেয়ে বেশি, যা গত কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ পানির লেভেল। তবে কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট।
কর্ণফুলি পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, দিন দিন কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরে কেন্দ্রে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এ ছাড়া কাপ্তাই হ্রদে পানির পরিমাণ আরো বৃদ্ধি পেলে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে দুইশত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।



