সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে মা ও ছেলেসহ চার ইয়াবা-কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার গোলাপগঞ্জ পৌর এলাকার খাসিখাল নামক স্থান থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন গোলাপগঞ্জ পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামের জামিল আহমদের ছেলে রিমুল আহমদ (২৮), জামিল আহমদের স্ত্রী রলি বেগম (৪২), একই এলাকার মরহুম ওয়াহাব আলীর ছেলে স্বপন (২৮) ও টিকরবাড়ি গ্রামের মরহুম জমসেদ আলীর ছেলে গৌছ উদ্দিন (৪৫)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার সিলেট-ঢাকা দক্ষিণ সড়কের খাসিখাল ব্রিজের ওপর চেকপোস্ট বসায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্রিজ-সংলগ্ন স্থানে প্রাইভেটকার থামিয়ে তা থেকে দৌড়ে পালিয়ে যান জামিল। পুলিশ প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ১১০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় গাড়িতে থাকা রিমুল আহমদ, রলি বেগম, স্বপন আহমদ ও গৌছ উদ্দিনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রিমুলের বিরুদ্ধে কমপক্ষে ছয়টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে এবং জামিল আহমদ ১২টির বেশি মামলার চার্জশিটভুক্ত আসামি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) সুমন চন্দ্র সরকার।