শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগুনের ঘটনায় চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ, জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. মুসলিম উদ্দিন, মেডিক্যাল অফিসার ডা. তৌহিদুল ইসলাম ও ডা. রাকিবুল হাসান।
জানা যায়, শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি রুমে আগুন লাগার ঘটনা ঘটে। শনিবার বিকেলে আগুন লাগে। খবর পেয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুরুষ ও মহিলা ওয়ার্ডে ভর্তিকৃত রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ওয়ার্ড থেকে বেরিয়ে পড়ে।
শ্রীবরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: রাহাত চৌধুরী বলেন, প্যাথলজি রুমে হঠাৎ আগুন লাগে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি।হাসপাতালের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুন লাগার প্রকৃত ঘটনা নির্ণয় করতে ফায়ার সার্ভিসের মাধ্যমেও তদন্তের ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন, ঘটনার পর থেকেই প্যাথলজি বন্ধ রয়েছে।



