নওগাঁর মান্দা উপজেলায় আরিফ হোসেন (২০) ও জনি আক্তার (১৭) নামের প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) সকালে কাঁশোপাড়া ইউনিয়নের তুলশিরামপুর গ্রামের আবদুর রহমানের ইউক্যালিপটাসের বাগান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

আরিফ হোসেন তুলসি রামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এবং জনি আক্তার একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে তুলশিরামপুর গ্রামের জনৈক আবদুর রহমানের ইউক্যালিপ্টাস বাগানে দু’জনের লাশ দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে।

তারা আরো বলেন, তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি তাদের পরিবার জানতে পেরে বাধা হয়ে দাঁড়ায়। ধারণা করা হচ্ছে, এজন্য হয়তো আত্মহত্যার এ পথটি তারা বেছে নিয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে তুলশিরামপুর গ্রামের একটি ইউক্যালিপ্টাস বাগানে দু’জনের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করেছে। এ সময় তাদের পাশে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট ও কোমলপানীয় বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ট্যাবলেট খাওয়ায় তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।