ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছেলের হাতে খুন হয়েছেন বাবা। ঘাতক ছেলেকে পুলিশ আটক করেছে। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে নবীনগর উপজেলার কাঁঠালিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁঠালিয়া গ্রামের লিল মিয়া (৭৫) তার ছেলে জসিম মিয়াকে (৪০) বাড়ির পাশের জমি থেকে পাটগাছ কেটে আনতে বলায় জসিম বাবার সাথে তর্কবির্তক শুরু করে। এ পর্যায়ে ঘরে থাকা কাঠের ডাণ্ডা দিয়ে সে বাবার মাথায় আঘাত করলে লিল মিয়া গুরুতর আহত হন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে ঘাতক ছেলেকে আটক করে।
গ্রামবাসী জানান, জসিম মানুষিক রোগী। দীর্ঘ দিন ধরে তার চিকিৎসা চলছে। অসুস্থ থাকায় তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি (তদন্ত) সোহেল বলেন, জসিমকে কাঁঠালিয়া কবর স্থানের পাশ থেকে আটক করা হয়েছে।